বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরালো পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কারখানার শ্রমিকরা। তবে তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক ছেড়ে যান তারা। এ ছাড়া কোনাবাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধের চেষ্টা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়াও সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com