শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

মাত্র ৪০ রান করেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ রানের ইনিংস আহামরি কিছু নয়। তবে সেই রান যদি আসে ১১ নম্বরে ব্যাট করতে নামা কোনো ক্রিকেটারের ব্যাট থেকে, তাহলে হিসাবটা বদলে যায়। ভারতের অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট এবার তেমনই এক কীর্তি গড়েছেন। বল হাতে নয়, ব্যাট হাতেই নাম লিখিয়েছেন বিশ্বরেকর্ডের পাতায়। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন এই বাঁহাতি পেসার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইন্দোরের হলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে তামিলনাড়ু।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে সৌরাষ্ট্র। মাত্র ৮.৩ ওভারেই ৯২ রান তুলতে নয় উইকেট হারায় দলটি। সেখান থেকেই চেতন সাকারিয়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট।

শেষ উইকেটে মাত্র ৪৯ বলে ৬২ রানের জুটি গড়েন দুই বাঁহাতি পেসার। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দশম উইকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।

তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলেন উনাদকাট। শেষ পর্যন্ত সানি সান্ধুর বলে গুরজাপনীত সিংয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তবে ততক্ষণে ভেঙে দিয়েছেন ছয় বছরের পুরোনো একটি বিশ্বরেকর্ড।

এর আগে টি-টোয়েন্টিতে ১১ নম্বরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল ইংল্যান্ডের স্পিনার ড্যানি ব্রিগসের। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৩৫ রান করেছিলেন তিনি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডমিনিক ড্রেকস। ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ১৪ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন তিনি।

উনাদকাটের রেকর্ড গড়া ইনিংস অবশ্য দলের হার এড়াতে পারেনি। ১৬.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় সৌরাষ্ট্র। ৩৮ রানের হারের পাশাপাশি টুর্নামেন্টের সুপার লিগে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায় তাদের।

তারকা চিহ্ন দিয়ে অপরাজিত ইনিংস বোঝানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com