প্রথম সমাচার ডেস্ক:
একই ইনিংসে দুই ব্যাটারের ডাবল সেঞ্চুরি, দুজনের ব্যাট থেকে ৩৩টি ছক্কা। তার ওপর ইনিংসের শেষ ওভারে টানা ছয় ডেলিভারিতে ছয় ছক্কা! আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও এমন ব্যাটিং তাণ্ডবের দেখা মেলে কালেভদ্রে। এবার অবিশ্বাস্য এই কীর্তির সাক্ষী হলো কলকাতার ক্রিকেট। অঙ্কন আইচ ও আয়াজ উদ্দিন সিদ্দিকের জোড়া ডাবল সেঞ্চুরিতে মাত্র ৪৫ ওভারেই ৪৭৪ রান তুলেছে মোহনলাল ক্লাব।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দ্বিতীয় ডিভিশন একদিনের লিগে ব্যাট হাতে এমন বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছেন দুই ব্যাটার।
১২৯ বলে ২০৪ রানের ইনিংস খেলেন আয়াজ। ৩১টি চার ও ৮টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তবে আগ্রাসী ব্যাটিংয়ে তাকেও ছাড়িয়ে যান অঙ্কন। ১৩২ বলে অপরাজিত ২৩৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ১৩টি চারের পাশাপাশি হাঁকান ২৫টি ছক্কা। শুধু চার-ছক্কা থেকেই তুলে নেন ২০২ রান।
অঙ্কনের ব্যাটিং তাণ্ডব চরমে পৌঁছায় ইনিংসের শেষ ওভারে। বোলিংয়ে আসা সমুজিৎ সেনের প্রথম বলেই হেলিকপ্টার শটে ছক্কা হাঁকান অঙ্কন। পরের তিনটি বলও উড়িয়ে পাঠান সীমানার বাইরে।
ওভারের পঞ্চম ডেলিভারিতে নো বল করেন সমুজিৎ। সেই বলেও ছক্কা হাঁকান অঙ্কন। পরের ফ্রি হিটেও বল সীমানার বাইরে পাঠিয়ে টানা ছয় ডেলিভারিতে ছয় ছক্কার কীর্তি গড়েন এই ব্যাটার। নো বলের অতিরিক্ত রানসহ ওই ছয় ডেলিভারি থেকেই আসে ৩৭ রান।
আয়াজ ও অঙ্কনের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৪৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে মোহনলাল ক্লাব।
দুই ব্যাটার মিলেই হাঁকান ৪৪টি চার ও ৩৩টি ছক্কা। দলের মোট রানের ৪৪০ রানই এসেছে তাদের ব্যাট থেকে। আরও অবিশ্বাস্য ব্যাপার হলো, শুধু চার-ছক্কা থেকেই দুজন তুলে নিয়েছেন ৩৭৪ রান, যা মোহনলাল ক্লাবের মোট সংগ্রহের প্রায় ৭৯ শতাংশ।
সূত্র: মূল প্রতিবেদন
