শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

১৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়তে যাচ্ছেন লায়ন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল শেন ওয়ার্নের। অথচ সেই অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নের টেস্ট ক্যারিয়ারই এখন অনিশ্চয়তার মুখে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পাচ্ছেন না ৩৯ বছর বয়সী এই স্পিনার।

শনিবার (২৮ নভেম্বর) দল ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার নির্বাচকদের। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজের পর এবারই প্রথম ফিট থাকা অবস্থায় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন লায়ন। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের পুরো সিরিজেই উপেক্ষিত থাকতে পারেন তিনি। তবে আগামী ভারত সফরের জন্য এখনও নির্বাচকদের বিবেচনায় রয়েছেন এই অফস্পিনার।

গত মৌসুমে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে পড়েছিলেন লায়ন। সেই চোট কাটিয়ে ফেরার পর থেকে বল হাতে নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। প্রত্যাবর্তনের পর ৪১.২০ গড়ে নিয়েছেন মাত্র ১০ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ৪৩.৬৭ গড়ে পেয়েছেন ছয় উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টেও একাদশে জায়গা হয়নি লায়নের। বাড়তি পেসার খেলানোর জন্য সেবার তাকে উপেক্ষা করেছিল অস্ট্রেলিয়া। সবশেষ আট টেস্টের মধ্যে তিনবার ফিট থাকা সত্ত্বেও একাদশের বাইরে ছিলেন তিনি। অথচ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের আগে ২০১৩ সাল থেকে ফিট থাকা অবস্থায় কোনো টেস্টেই একাদশের বাইরে থাকতে হয়নি তাকে।

পার্থেও পেসনির্ভর বোলিং আক্রমণ সাজাতে পারে অস্ট্রেলিয়া। যদিও দেশের প্রধান টেস্ট ভেন্যুগুলোর মধ্যে পার্থ স্টেডিয়ামেই লায়নের বোলিং গড় সবচেয়ে ভালো। এই মাঠে ২১.২০ গড়ে ২৯ উইকেট নিয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটেও অবশ্য প্রত্যাশিত ছন্দে নেই লায়ন। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়েছেন তিনি। একই ম্যাচে ১১ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন কুইন্সল্যান্ডের লেগস্পিনার মিচেল সোয়েপসন।

এদিকে মার্নাস লাবুশেনের বাদ পড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপেও আসছে পরিবর্তন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর, তার শূন্যস্থান পূরণে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন কুইন্সল্যান্ডের ২৭ বছর বয়সী ব্যাটার জ্যাক ক্লেটন।

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com