শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

জলদস্যুদের অস্ত্র সরবরাহ, যুবদল নেতাসহ আটক ২

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সুন্দরবনে সক্রিয় জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে খুলনার কয়রায় যুবদল নেতা হাফিজুর রহমানসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের পাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) এবং ৫ নম্বর কয়রা গ্রামের জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-৬ এর দাবি, আটক হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এদিকে যুবদল নেতার আটকের বিষয়ে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি বলেন, কোনো দুষ্কৃতিকারীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না। অস্ত্রসহ কয়রার হাফিজ আটকের বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কেন্দ্রীয় যুবদলকে অবহিত করা হবে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com