শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এর আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান। পরে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। এরপর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com