প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধা আব্দুল বারেক।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল।
এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি মদন পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভা এলাকায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজি চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় পৌঁছালে টোল আদায়কারী ২০ টাকা দাবি করেন। এ নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক দুই পক্ষের বিরোধ থামাতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, তখন টোল আদায়কারী আতিকুল ইসলামের ঘুষিতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
