সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

যমুনার চরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবকের যাবজ্জীবন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিরাজগঞ্জের কাজীপুরে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে মরদেহ বালুচাপা দেওয়ার মামলায় জামাল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুজ্জোহা শাহানশাহ মামলার বরাত দিয়ে জানান, কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের মজনু মিয়া ধান, পাট, গম ও ভুট্টার ব্যবসা করতেন। আসামি জামাল উদ্দিনের নিজস্ব নগদ মূলধন না থাকায় ব্যবসা পরিচালনার জন্য তিনি মজনু মিয়ার কাছ থেকে পর্যায়ক্রমে ১২ লাখ টাকা নেন। ব্যবসার লাভের অংশ দুজন ভাগ করে নিতেন।

তবে গত ছয় মাস ধরে আসামি জামাল উদ্দিন মজনু মিয়াকে তার পাওনা টাকা ও ব্যবসার হিসাব দিচ্ছিলেন না। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ২০১৬ সালের ২ এপ্রিল ভুট্টা কেনার কথা বলে মজনু মিয়াকে যমুনা নদীর মাইজবাড়ি চরে ডেকে নিয়ে যান জামাল উদ্দিন। এরপর থেকে মজনু মিয়া আর বাড়িতে ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্ত্রী রুপালী খাতুন বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামি করে কাজীপুর থানায় অপহরণ মামলা করেন। পরে পুলিশ জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি মজনু মিয়াকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যমুনা নদীর চর থেকে বালুর নিচে পুঁতে রাখা মজনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলায় আদালত জামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com