প্রথম সমাচার ডেস্ক:
অভিবাসন সংস্কারের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমায় যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) এ তথ্য জানিয়েছে।
হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রীষ্মকাল থেকে বোর্নমাউথ থেকে ফালকির্ক পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল স্থানীয় জনগোষ্ঠীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট ৫২টি হোটেল বন্ধ করা হয়েছে। বর্তমানে প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৪০০, আর ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় ছিল ২১৩টি।
হোম অফিসের তথ্য অনুযায়ী, মাত্র এক বছরে হোটেলে বসবাসরত আশ্রয়প্রার্থীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এ সংখ্যা প্রায় ১৬ হাজার, যা আগের সরকারের আমলে সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় এ সংখ্যা ৭১ শতাংশ কমেছে।
সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অভিবাসন ব্যবস্থায় ন্যায্যতা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনছে সরকার। আগের সরকারের আমলে দেশজুড়ে বিপুল ব্যয়ে শত শত হোটেল আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যবহার করা হয়েছিল।
তিনি আরও বলেন, সরকারের সংস্কারের ফলে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা এবং আশ্রয়ের আবেদন কমেছে। অন্যদিকে আবেদন প্রক্রিয়াকরণ ও বহিষ্কারের সংখ্যা বেড়েছে। ফলে করদাতাদের অর্থায়নে পরিচালিত সহায়তার ওপর নির্ভরশীল আশ্রয়প্রার্থীর সংখ্যা হাজার হাজার কমেছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে আশ্রয়প্রার্থীর সংখ্যাও কমছে। গত বছরের তুলনায় বর্তমানে করদাতাদের অর্থায়নে পরিচালিত আবাসনে বসবাসকারী মানুষের সংখ্যা ১৩ হাজার ৮০০ কমেছে, যা ১৩ শতাংশ হ্রাসের সমান।

গতিপথ পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘আকভান’
ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উপকূলের দিকে, বাংলাদেশে দিনভর বৃষ্টি হতে পারে
জার্মানির শহরের রাস্তায় ভেড়ার মিছিল, ঐতিহ্য নাকি অস্তিত্বের সংকট?