শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’-এর পালটা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ উন্মোচনের ঘোষণা দিল ইরান!

Icon প্রথম সমাচার ডেস্ক

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’-এর পালটা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বুধবার এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা, বিধ্বংসী ক্ষমতা ও নির্ভুলতা আগের চেয়ে বেড়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজেও আঘাত হানার সক্ষমতা রয়েছে।

ইরানের ইয়ং জার্নালিস্টস ক্লাবের বরাতে মোহেবি বলেন, নতুন অস্ত্রটি উন্মোচনের প্রস্তুতি চলছে এবং এটি প্রতিপক্ষের জন্য নতুন কিছু হবে। তবে অস্ত্রটির ধরন, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, বিধ্বংসী ক্ষমতা কিংবা কবে এটি প্রকাশ্যে আনা হবে—এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আইআরজিসির এই মুখপাত্রের দাবি, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত দেড় গুণ বেড়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা ও ধ্বংসক্ষমতাও উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি।

মোহেবি আরো বলেন, মার্কিন বিমানবাহী রণতরিসহ যুদ্ধজাহাজে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে এবং এ সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত প্রযুক্তিগত তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দেননি। ইরানের এই ঘোষণার পটভূমিতে রয়েছে ওয়াশিংটনের সামরিক হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জিবিইউ-৪৩/বি এমওএবি বোমা ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন। প্রায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই প্রচলিত বোমাটি ‘মাদার অব অল বম্ব’ নামে পরিচিত। তবে ইরানের ঘোষিত ‘ফাদার অব অল বম্ব’ আসলে বোমা, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো অস্ত্রব্যবস্থা—তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রটির সক্ষমতা সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com