বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Logo
×

যুবদলের হুমকিতে বন্ধ সার ডিলারের দোকান খুলল বিএনপির সহযোগিতায়

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে হুমকির মুখে বন্ধ থাকা সার ডিলারের দোকান খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় দোকান খোলেন ডিলার সাইদুর রহমান। পরে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করেন তিনি।

এর আগে চাঁদা দাবি ও মারধরের মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতা কারাগারে যাওয়ার পর তাঁদের অনুসারীদের হুমকির কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন সাইদুর রহমান।

সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ডিলার। পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাইদুর রহমান বলেন, দোকান বন্ধ রাখার হুমকির বিষয়টি তিনি সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন তাঁকে ফোন করে দোকান খুলতে বলেন। এরপর বাজারে এসে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় দোকান খোলেন তিনি।

পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন বলেন, সারসংক্রান্ত বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আগের দিন নেতাদের মধ্যে আলোচনা হয়। তাঁদের কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন। পরে সংসদ সদস্য শফিকুল হক মিলনের নির্দেশে দলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে সার ডিলারকে দোকান খুলতে সহযোগিতা করা হয়।

তিনি আরও বলেন, সার বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করতে হবে। কৃষকেরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও ডিলারকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার সকালে হরিয়ান বাজারে সাইদুর রহমানের দোকান বন্ধ দেখা যায়। প্রতিদিন সকাল ৮টার দিকে দোকান খোলেন তিনি। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, রজব আলীর অনুসারীরা ঝামেলা করতে পারেন এবং দোকান বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়েছিল। এমন আশঙ্কায় দোকান বন্ধ রেখেছিলেন ডিলার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই দোকানের পাশে পুলিশ অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১০টার দিকে দোকান খোলা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ এপ্রিল সকাল ১১টার দিকে সাইদুর রহমানের দোকান থেকে তিনটি ভ্যানে করে ৩০ বস্তা ইউরিয়া সার কৃষকদের কাছে নেওয়া হচ্ছিল। কাটাখালী থানার আশরাফের মোড়ে পৌঁছালে হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রজব আলী, যুবদল নেতা মো. আব্দুস সালামসহ কয়েকজন ভ্যানগুলো আটকে দেন বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে সাইদুর রহমান সেখানে গেলে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ৬ এপ্রিল তিনি মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী হামিদুল হক বলেন, গত ২৪ আগস্ট হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত আসামিদের ছয় সপ্তাহের মধ্যে রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার তাঁরা আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সার ডিলারের করা মামলায় দুই আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন। ডিলারের দোকানের সামনে ঝামেলা হতে পারে-এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় নতুন করে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com