শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর অন্তত পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত না হলেও একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম মিজান ওরফে মিজু। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ওসি আলমগীর হোসেন।

ওসি বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করেও ধরা সম্ভব হয়নি। আশা করি খুব শিগগির এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।

পুলিশ আরো জানায়, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা ধানমন্ডি ২৭ এর রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রাত পৌনে ১১টার দিকে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেল সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, হোস্টেলের সাইনবোর্ড লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। এতে কেউ হতাহত হননি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com