শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মাহফিলের অনুমতি ছিল না, গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে চলে গেলেন মুফতি তাহেরী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না থাকায় ও হেফাজতে ইসলামের বাধার মুখে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী পূর্বনির্ধারিত স্থানে গিয়ে মাহফিলে বক্তব্য দিতে পারেননি। তবে অদূরে অলিরবাজার এলাকায় সড়কের পাশে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

গতকাল শুক্রবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার অলিরবাজারে মাহফিল হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমন ঘিরে গত বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান।

পরে সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে। গতকাল শুক্রবার সকাল থেকেই আলীরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল ৪টার দিকে তাহেরী ওই এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। পরে তিনি সেখান থেকে চলে যান। এ সময় তিনি বলেন, মাহফিল বাস্তবায়ন করতে অনেক আগে থেকে আয়োজন কমিটি প্রস্তুতি নিয়েছিল। এ নিয়ে এলাকায় কোনো বিরোধ ছিল না। পুলিশে আবেদন করে এভাবে মাহফিল বন্ধ করে দেওয়া দুঃখজনক।

তবে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে আমরাও প্রতিবাদ জানিয়েছি এবং তাহেরীকে মাহফিলে বক্তব্য রাখতে দেওয়া হয়নি।

তাহেরীর অনুসারী ও মাহফিল আয়োজক কমিটির সদস্য আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে আমরা প্রোগ্রাম করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। তবে হুজুর সংঘাতে যেতে চাননি, তাই তিনি বিকেলে এলাকায় এলেও ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। প্যান্ডেলস্থলে যাননি।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com