প্রথম সমাচার ডেস্ক:
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোও একমত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে উল্লেখ করে সিইসি বলেন, সম্মিলিতভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
নির্বাচনের প্রতিটি ধাপ যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
সূত্র: মূল প্রতিবেদন

অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই