শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রাণীনগরে ৫৩ প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল, ঝুঁকি নিয়েই পাঠদান

Icon প্রথম সমাচার ডেস্ক

রাণীনগরে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত ৫৩টি বিদ্যালয়ের ভবনের বিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যে ২৫টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তালিকা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। এমনকি একটি বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় এক বছর ধরে সেখানে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো ভবনগুলোতে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা বাড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উদ্বেগ ও সংকোচ বোধ করছেন।

সরেজমিনে পিরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ভবন নির্মাণ করা হয় ১৯৯৬ সালে। নির্মাণের প্রায় ৩০ বছর না পেরোতেই ভবনটির বিভিন্ন অংশে গুরুতর ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব হোসেন জানান, গত বছরের ২৩ ডিসেম্বর উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনের পর ভবনটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে চিঠি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ১০ মাসেও বিকল্প ভবন বা পাঠদানের ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যেতে হয়েছে।

রাণীনগরের ৩৮ নম্বর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিত্যক্ত ঘোষণা করে তালাবদ্ধ রাখা হয়েছে। বর্তমানে টিনের ছাউনির একটি ঘরে পাঠদান চলছে। এ ছাড়া অন্য একটি ভবনের কক্ষে দেয়ালে ফাটল ধরেছে এবং ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই সেখানে পাঠদান চালাতে হচ্ছে।

ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাবা মহসিন আলী বলেন, সন্তানের মাথার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে কয়েক দিন সন্তানকে বিদ্যালয়ে পাঠাননি। পরে শিক্ষকদের অনুরোধে পাঠালেও সন্তান বাড়ি না ফেরা পর্যন্ত উদ্বেগের মধ্যে থাকতে হয়। শিশুদের নিরাপত্তার জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পিরেরা, সরদার কয়া, বড়িয়াপাড়া, ভেবড়া কালীগ্রাম, ভান্ডারা, দামুয়া, রাতোয়াল, সঞ্জয়পুর, খাসকামতা, নারায়ণপাড়া, কাশিমপুর, জয়সার, করজগ্রাম, লক্ষিকোলা, সিম্বা, খাসপারইল, কৃষ্ণপুর মালঞ্চি, হরিশপুর, এনায়েতপুর, আনালিয়া, পালশাকৃষ্ণপুর, তেবাড়িয়া, ভাদালিয়া, মাঝগ্রাম মধুপুর, রাণীনগর-২ ও ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী বলেন, ইতোমধ্যে ২৫টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তালিকা পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য বিদ্যালয় পরিদর্শন করে নতুন করে তালিকা তৈরি এবং সংস্কারের ব্যবস্থা করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, অবকাঠামোর ধরন অনুযায়ী ৫৫টি বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য তালিকা করা হয়েছে। তালিকার বাইরে থাকা বিদ্যালয়গুলোকেও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। পিরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে টিনের বেড়া দিয়ে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com