জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননে ইসরাইলের সম্প্রসারিত সামরিক অভিযান এবং দক্ষিণাঞ্চলে দখল বিস্তারের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্রগুলো জানায়, দক্ষিণ লেবাননে ঐতিহাসিক বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটিতে তাদের সামরিক উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেয় ফ্রান্স।
কূটনৈতিক মহলের মতে, দক্ষিণ লেবাননে চলমান সামরিক তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বেসামরিক জনগণের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়েও মতবিনিময় হতে পারে।
এদিকে লেবানন ইস্যুতে আলোচনার আগে একই দিনে রোমানিয়ার একটি আবাসিক ভবনে রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষ হওয়ার পরপরই লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই।
