প্রথম সমাচার ডেস্ক:
নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে যাওয়া আট বছরের এক শিশুকে উদ্ধার করলেন পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলাম (৩০)। শিশুটিকে নিরাপদে ওপরে তুলে দেওয়ার পর নিজে আর বের হতে পারেননি। জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তার ওপর পড়ে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন ছকিনুর। তাকে উদ্ধারে অভিযান চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল আট বছর বয়সি শিশু শাহিন কাজী লাভলু। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। পানিতে হাবুডুবু খেতে থাকা শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। শিশুটির জীবন বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে ট্যাংকের পানিতে নেমে পড়েন ছকিনুর ইসলাম।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দেন তিনি। কিন্তু শিশুটিকে বাঁচানোর পর নিজে আর বের হতে পারেননি। ট্যাংকের জরাজীর্ণ দেয়াল ও পাশের মাটি ধসে মুহূর্তেই তার ওপর পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হন এই পোশাকশ্রমিক।
ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দরগার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধসে পড়া মাটি ও সেপটিক ট্যাংকের ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
আশুলিয়া থানার এসআই মিরাজ ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এদিকে ছকিনুরের পরিবারের সদস্যরা তার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দুই সন্তানের কাছে বাবার ফিরে আসার অপেক্ষা যেন দীর্ঘ না হয়, এটাই এখন পরিবারের সবচেয়ে বড় চাওয়া।
রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
সূত্র: মূল প্রতিবেদন

সারা বছরই হোক মুমিনের আমল
১৯০৯ সালে হজ পালনকারী প্রথম জাপানি মুসলিম উমর ইয়ামাওকা