প্রথম সমাচার ডেস্ক:
কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিই পারে যে কাউকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নারী উদ্যোক্তা নুসরাত জাহান। একসময়ের অসহায় নুসরাত আজ নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অর্ধশত অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলছেন। বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে হাজারো সংগ্রামী নারীর ভিড়ে তিনি যেন এক ব্যতিক্রমী অনুপ্রেরণা।
নুসরাত জানান, অষ্টম শ্রেণিতে পড়াকালীন ২০০৬ সালের ১১ জুন বাল্যবিয়ে হয় তার। বাল্যবিয়ের পর থেকে সমাজ ও শ্বশুরবাড়িতে বিভিন্ন কারণে কটূক্তি শুনতে হয়েছে তার। স্বামী গিয়াস উদ্দিনের অভাবে হাল ধরতে বাচ্চাদের প্রাইভেট পড়ানো শুরু করেন। বাচ্চাদের প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে স্থানীয় কাপড়ের দোকান থেকে কাপড় কিনে ছোট শিশুদের প্যান্ট, ফ্রক ও মশারির কুশন তৈরির চেষ্টা করতেন তিনি। তবে সেলাই মেশিন ছিল না নুসরাতের। অন্যের বাড়িতে ভাড়া করা সেলাই মেশিনে কাপড় সেলাই করতেন। ২০০৮ সালে কিস্তিতে একটি সেলাই মেশিন কিনে জামা বানানো শুরু করেন। কিন্তু শ্বশুরবাড়ির কটু কথার কারণে অনেকে তার কাছে কাপড় সেলাই করতে আসা বন্ধ করে দেন। তারপরও তিনি হাল ছাড়েননি। অভাবের সংসারে কোনো মতে ২০১১ সালে এসএসসি পাস করেন। ২০১৩ সালে প্রথম কন্যা সন্তান হওয়ার পর তার আর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। কন্যা সন্তান জন্মের পর থেকে শ্বশুরবাড়ির কটু কথা ও অত্যাচারের সীমা বেড়ে যায়। এমনকি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে স্বামী ও সন্তানকে নিয়ে ফুলবাড়ীতে বাসা ভাড়া নিয়ে নতুন করে সংসার শুরু করেন তিনি। এরপর থেকে তাকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি।
বাল্যবিয়ের পর অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের অন্তরায় পৌঁছেছেন। সাফল্য অর্জন করে আরও অসহায় অর্ধশত নারীর পাশে দাঁড়িয়েছেন। তিনি আজ সফল ব্যবসায়ী।
ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে গড়ে তুলেছেন আড়শী ট্রেইলার্স। পাশাপাশি গড়ে তুলেছেন সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে সংগঠন। তার ট্রেইলার্স ও সংগঠন থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন সমাজে অসহায় ও অবহেলিত নারীরা। কিস্তিতে নেওয়া একটি সেলাই মেশিন দিয়ে যাত্রা শুরু করা নুসরাত জাহানের রয়েছে ১১টি সেলাই মেশিন। তার নিয়মিত কর্মী রয়েছে ১৪ জন। তিনি পেয়েছেন উপজেলা পর্যায়ে জয়িতা পদক।
সৈয়দা রাজিয়া মনি নামে এক নারী বলেন, আমি আপুর কাছে সেলাই প্রশিক্ষণ শিখছি। সেলাইয়ের পাশাপাশি হ্যান্ড পেইন্টিংসহ হাতের কাজ শেখান। আপু সময় নারীরা যেন বেকার না থাকে এই জন্য কাজ করছে। আমি আপুর মতো হতে চাই।
আসিয়া বেগম নামে আরেক নারী বলেন, আমি এখানে বিভিন্ন ধরনের কাটিং, সেলাই ও হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছি। আপুর মাধ্যমে রংপুরে সমবায় অফিসেও প্রশিক্ষণ নিয়েছি। পাশাপাশি আপুর কাছে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছি। ভবিষ্যতে আমিও আপুর মতো অসহায় নারীদের প্রশিক্ষণ দেব।
তরুনী সুমি আক্তার বলেন, পরিবারের পাশে দাঁড়াতেই সেলাই প্রশিক্ষণ নিচ্ছি। সেলাই প্রশিক্ষণ শেষে কিছু অর্থ উপার্জন করলে সেটা পরিবারের জন্য উপকার হবে।
নারী উদ্যোক্তা নুসরাত জাহান বলেন, আমি প্রথম থেকে পিছিয়ে পড়া নারীকে প্রশিক্ষণের জন্য একত্রিত করি। এরপর তাদের সেলাই প্রশিক্ষণ দেই। কারণ আমার মতো তারাও সেলাই শিখে আমার মতো কিছু করতে পারুক। অসহায় নারীকে একত্রিত করার জন্য একটি সংগঠনের প্রতিষ্ঠা করি। এই সংগঠন থেকে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এমনকি যেই নারী ঘর থেকে বের হতে পারে না, আমি তাকে ঘরে গিয়ে হস্তশিল্পের কাজ পৌঁছে দেই। সেই নারী যেন ঘরে বসে কাজ করতে পারে।

বিদেশ যেতে বিএমইটিতে নিবন্ধন কেন করবেন, কীভাবে করবেন
গ্রিন টি’র কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা
আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস