প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বললেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরের কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে চসিক প্রশাসক বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছেন, এখনো একইভাবে সক্রিয় রয়েছেন। অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁরা আগের মতোই সোচ্চার।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা-নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।তিনি আরও বলেন, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিএনপির ঐক্যের কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

শ্বশুরবাড়ির কটু কথা ও বঞ্চনা উপেক্ষা করে নুসরাত আজ সফল উদ্যোক্তা
‘ঐক্য’ শর্ত একটাই-গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন: সাবেক শিবির সভাপতি
ডিবি হেফাজতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি