বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একইসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংসদ ভবনে আজ বুধবার সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এ দিন ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের গঠিত এ-সংক্রান্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংসদ সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সভায় সংসদ সচিবালয়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে পিএসসির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য ২০২৬ সালের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহবুবুল আলম ও শাম্মী আক্তার। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশ নেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতভর চলত ‘ডিজে পার্টি ও মাদক সেবন’, নিজের পক্ষে অতিরিক্ত ডিআইজির সাফাই
ধর্ম পরিচয়ে বিভাজন নয়, আমরা সবাই বাংলাদেশী: চট্টগ্রাম পুজামণ্ডপে প্রধানমন্ত্রী
গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১৫