সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জাকিরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী রাসেল চৌধুরী তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, এর আগেও দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ফুলি। তখন তার ছেলে বাঁশের মই দিয়ে তাকে বহন করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আর তাকে নিতে আসেননি ছেলে। এমনকি এখন পর্যন্ত তার কোনো খোঁজখবরও পাওয়া যায়নি।
‘ছেলেকে খুঁজছি’
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, “সরাইল গরুর বাজার এলাকায় এক অসুস্থ বৃদ্ধা পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার বাড়ি সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামে। তার একটি ছেলে রয়েছে। তবে ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তার সন্ধান চালাচ্ছি।”
তিনি বলেন, “তাকে পাওয়া গেলে মায়ের বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।”
পাশে দাঁড়িয়েছে বাতিঘর
ফুলির অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী মো. আজাহার উদ্দিন বলেন, “বৃদ্ধার সন্তান বা পরিবারের কোনো স্বজন দায়িত্ব নিতে এগিয়ে না এলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তার চিকিৎসা চালিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। পরবর্তীতে তার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হবে।”
তিনি বলেন, “রোববার সন্ধ্যায় বৃদ্ধা ফুলির শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো ছিল। তবে শারীরিক দুর্বলতার কারণে তিনি হাসপাতালের বিছানাতেই প্রস্রাব-পায়খানা করে ফেলছেন। আগামীকাল তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হবে।”
আজাহার উদ্দিন আরও বলেন, “একজন বৃদ্ধা মা যেন সন্তানের অবহেলায় জীবনের শেষ দিনগুলো একাকিত্ব ও কষ্টে কাটাতে বাধ্য না হন, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সবার মানবিক দায়িত্ব। যে মা-বাবা সন্তানকে স্নেহে আগলে বড় করেন, অসুস্থ হলে রাত জেগে সেবা করেন, নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করেন—বৃদ্ধ বয়সে সেই মা যখন অসহায় হয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকেন, তখন তার পাশে দাঁড়ানো সন্তানের প্রাথমিক দায়িত্ব।”
হাসপাতালেও মিলছে সহযোগিতা
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, “ভর্তির পর থেকেই বৃদ্ধার চিকিৎসা চলছে। পরিবারের কেউ না আসায় এবং পাশে না থাকায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে তার চিকিৎসা চালানো হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিয়মিত তার সেবা দিচ্ছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
এখন অপেক্ষা স্বজনের
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ফুলি হয়তো জানেন না, তার জন্য কত মানুষ এখন স্বজনের খোঁজ করছেন। তিনি নিজের পরিচয়ও স্পষ্ট করে বলতে পারছেন না। কিন্তু তার একটি পরিচয় স্পষ্ট—তিনি একজন মা, একজন বৃদ্ধ মানুষ, যিনি জীবনের শেষ সময়ে একটু আশ্রয় ও আপনজনের সেবা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বৃদ্ধা ফুলির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট স্বজনদের দ্রুত তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবার ও পরিচয় নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
একজন অসহায় বৃদ্ধার জন্য হয়তো খুব বেশি কিছু প্রয়োজন নেই—শুধু একটু খোঁজ, একটু মমতা আর শেষ বয়সে পাশে থাকার নিশ্চয়তা।

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি