শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক জাপা নেতা ও নাশকতা মামলার আসামি এখন বিএনপি নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

বগুড়ার মোকামতলা উপজেলায় জাতীয় পার্টির সাবেক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি মোতালেব মোল্লাকে জগন্নাথপুর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব করায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে করে তৃণমূলের নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে মোতালেব মোল্লাকে।

মোতালেব মোল্লা একসময় শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়ার পর এবার ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

মোতালেব মোল্লা বর্তমানে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতা মামলা-মোকদ্দমার কারণে পলাতক ছিলেন বা কারাগারে ছিলেন। তাদের অনেকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ পাননি। অথচ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা একজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তারা হতাশ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় পার্টির স্থানীয় এমপি শরিফুল ইসলাম জিন্নাহ খুব কাছের এবং দাপুটে নেতা ছিলেন মোত্তালেব মোল্লা। এমপির সঙ্গে থেকে মোতালেব মোল্লা বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন করেছেন। এখন তিনি বিএনপির নেতা হওয়ায় তৃণমূলের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তারা বলেন, যারা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তাদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক।

তবে এ সব অভিযোগ অস্বীকার করে মোতালেব মোল্লা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জাতীয় পার্টির কার্যক্রম না চালানোর কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে আমি বিএনপিতে যোগ দিয়েছি।

মোতালেব মোল্লা তার বিরুদ্ধে মামলার বিষয়টি স্বীকার করেছেন।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, মোতালেব মোল্লা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তবে তাকে নিয়ে তৃণমূল বিএনপিতে সমালোচনা রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com