শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করতে পারে। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে, সেজন্য সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।’কক্সবাজারের রামুর ঘটনার বিচার না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এত আলোচিত একটি ঘটনারও ১৪ বছর পর বিচার নিশ্চিত করা যায়নি। রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটানো ব্যক্তিরা বারবার উৎসাহিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি কিংবা গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি।

জুলাই আন্দোলনের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। সে সময় সারাদেশে মন্দির পাহারা দেওয়ার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ বিভাজন ও সংঘাত উসকে দিতে পারে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com