সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান, গোলাবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা ও সামরিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনীর অভিযান ও গোলাবর্ষণে আবাসিক এলাকা এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংস্থাটির দাবি, ইসরাইল ১৯৭৪ সালের বিচ্ছেদ চুক্তি লঙ্ঘন করে অধিকৃত গোলান মালভূমির বাইরেও সিরিয়ার অতিরিক্ত ভূখণ্ডে সামরিক উপস্থিতি জোরদার করেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে অ্যামনেস্টি জানায়, ইসরাইলি বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে তরুণদের আটক করছে। এছাড়া কৃষিজমিতে আগাছানাশক ব্যবহারের অভিযোগও উঠেছে, যার কারণে অনেক কৃষক নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের খাদ্য ও আয়ের উৎসও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানবাধিকার সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনায় হামলা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। তাই নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
তবে এ বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
