বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×

স্ত্রীকে হত্যার পর লাশ কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই রক্তাক্ত মরদেহ কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে আটক করে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার (২৮) স্থানীয় আবদুল গফুরের মেয়ে। অভিযুক্ত স্বামী আবদুল আলম (৩২) পেশায় রাজমিস্ত্রি এবং ওই এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরেন আবদুল আলম। বৃহস্পতিবার সকালে খাবার খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পারভীন বাবার বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় পারভীনকে কাঁধে করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বামী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।

নিহতের স্বজনরা জানান, দম্পতির তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে সংসারে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি চলছিল। এসব বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ দেখা দিত।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পারিবারিক ও আর্থিক সমস্যাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। অভিযুক্ত স্বামী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...