বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

স্বাস্থ্যগত কারণে ওসমান ফারুকের পদত্যাগ, ৫ এমপি পদত্যাগের গুজব প্রচার করছে আওয়ামীপন্থীরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে , পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকতুল্লা বুলু ও গোপালগঞ্জের দু’জনসহ মোট ৫ জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি।

সাম্প্রতিক পদত্যাগের যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায়, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এরপর থেকে পানিসম্পদ মন্ত্রীসহ সংসদ সদস্যদের পদত্যাগের ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।

যাচাইয়ে পদত্যাগ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে “সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ” শিরোনামে একাধিক প্রতিবেদন পাওয়া গেছে। আরও দেখুন এখানে এবং এখানে। প্রতিবেদন থেকে জানা যায়, “বিএনপির সংসদ সদস্য ডা. মুহাম্মদ ওসমান ফারুক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, ফলে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য হয়েছে। ওসমান ফারুক ১৪ নভেম্বর স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার গতকাল সংসদকে বিষয়টি জানান এবং সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের এমপি। তিনি ত্রয়োদশ সংসদে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। তাঁর পদত্যাগের কোনো সংবাদ বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি। এছাড়াও, ‘অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী-৩ আসনের এমপি বরকতুল্লা বুলু’ শিরোনামে সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম ইত্তেফাকের একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব’ শিরোনামে করা প্রতিবেদনটিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খানের বরাতে এ সম্পর্কিত প্রচারণাকে গুজব বলে জানানো হয়।

তিনি জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের পথে রওনা হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের কোনো এমপির পদত্যাগের খবর কোনো সংবাদমাধ্যমে বা সংসদ সচিবালয় সূত্রে পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com