প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি-সংবলিত চিরকুট রেখে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আমিরুল।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে শহরের সাতপাই এলাকায় আমিরুল ইসলামের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব জিনিস রেখে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ করা হয়েছে।
সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান আমিরুল ইসলাম। তার দাবি, চিরকুটে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আমিরুল ইসলাম বলেন, চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় নেত্রকোনা মডেল থানার পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন

১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশের কথা ভাবছেন শেখ হাসিনা