শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে নিম্নতম মজুরি বোর্ড। এ সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী নির্ধারিত সূচক ও প্রক্রিয়া অনুসরণ করে বোর্ড নিজস্ব উদ্যোগে কাজ এগিয়ে নেবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত পিজিসিএল কারখানা পরিদর্শন শেষে আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মজুরির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকরা আমাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন কি না, তা বলার সময় এখনও আসেনি। কারণ, ২৩ তারিখে তারা প্রস্তাব দেবেন বলে আশা করছি। আমি কাউকে বাধ্য করতে পারছি না। তবে কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী কাজ করব। বোর্ডের হাতে থাকা প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কোনো পক্ষের দ্বারা বোর্ড প্রভাবিত নয়। বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। কারখানা পরিদর্শনের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সুযোগ-সুবিধা সরেজমিনে যাচাই করা হচ্ছে, যাতে যৌক্তিক ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো দ্রুত চূড়ান্ত করা যায়।

বোর্ডের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান বলেন, শ্রম আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর কাজ শেষ করতে ছয় মাস সময় পাওয়া যায়। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বোর্ডের হাতে সময় রয়েছে। তবে বর্তমান সরকার দ্রুত নতুন মজুরি কাঠামো কার্যকর করতে চায়। গত ১ নভেম্বর বোর্ড গঠনের তিন দিনের মাথায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা, পরিবারের সদস্যসংখ্যা, জীবনযাত্রার প্রকৃত ব্যয় এবং মালিকপক্ষের সুযোগ-সুবিধা ও অসুবিধা সরেজমিনে যাচাই করতেই তিনি কারখানা পরিদর্শনে এসেছেন। দেশের ৬১টি শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রস্তাবও বিশ্লেষণ করা হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com