ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে পরিবার নিয়ে বাগান দেখতে আসা শিক্ষক মেহেরুন্নেছা সুমি বলেন, ‘ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না, আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা হয়! সরাসরি বাগানে এসে গাছভর্তি কমলা দেখে খুব ভালো লেগেছে। এখানকার কমলা বেশ মিষ্টি ও রসালো। বাচ্চাদের নিয়ে দারুণ সময় কাটিয়েছি। বাড়ির জন্য পাঁচ কেজি কমলাও কিনেছি।’
আরেক দর্শনার্থী তারিন আক্তার রুমি বলেন, ‘বিজয়নগরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। কমলার বাগানে এসে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। এমন বাগান দেখতে পেরে সত্যিই আনন্দিত।’
কৃষি উদ্যোক্তাদের এই সাফল্যের পেছনে কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজয়নগরের লালমাটি ও আবহাওয়া কমলা ও মাল্টার মতো সাইট্রাসজাতীয় ফল চাষের জন্য উপযোগী হওয়ায় এ অঞ্চলে ফল চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তুফা এমরান হোসেন বলেন, ‘বিজয়নগরের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, প্রুনিং বা ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিতি পাবে।’
কৃষি সংশ্লিষ্টদের মতে, বিজয়নগরে কমলা চাষের সম্প্রসারণ শুধু কৃষকদের আয় বৃদ্ধির পথ তৈরি করছে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বাগান পরিচর্যা, ফল সংগ্রহ, পরিবহন ও বিপণনসহ বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাগানকেন্দ্রিক দর্শনার্থীদের আনাগোনা স্থানীয় পর্যায়ে কৃষি পর্যটনের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে।
তবে এই সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী ও বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করতে প্রয়োজন উন্নত জাতের মানসম্মত চারা, সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, ফল সংরক্ষণের ব্যবস্থা এবং সংগঠিত বাজারজাতকরণ। পাশাপাশি উৎপাদিত কমলার গুণগত মান বজায় রাখা ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।
একসময় যেখানে কমলা চাষ ছিল অনেকের কাছে অবিশ্বাস্য, সেখানে আজ সেই কমলাই হয়ে উঠছে বিজয়নগরের কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা। ৪০ শতক জমিতে খোকন মিয়ার শুরু করা স্বপ্ন এখন অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বিজয়নগরের লালমাটির এই সোনালি কমলা একদিন দেশের বাজারে নিজস্ব অবস্থান তৈরি করার পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও সৃষ্টি করতে পারে।

বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান
অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা