শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

চাঁদা দাবির অভিযোগ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাকারিয়া সরকার জীবন (৩২) খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ কার্যালয়ে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে জাকারিয়া প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁরা হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ জাকারিয়াকে গ্রেপ্তারে অভিযান চালায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com