মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

দেশের ১৩ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রতিনিধির সমন্বয়ে ২০ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ লেখক ফোরামের

প্রথম সমাচার ডেস্ক ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য নতুন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। ১লা আগস্ট প্রকাশিত আংশিক কমিটির পর আজ পূর্ণাঙ্গ প্রকাশ করলো ফোরামটি। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া।

সোমবার (১০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বে ঘোষিত আংশিক কমিটিসহ ২০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির লেখকদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবু সাকিব মো. নাজমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা কলেজের রাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইয়াসিন আরাফাত বিজয়। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আসাদুল হক আসাদ, অর্থ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান শাকিব এবং উপ-অর্থ সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হুরনি মদিনা লিসা।

দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইডেন মহিলা কলেজের জান্নাতুল মুশরাত জেবিন, উপ-দপ্তর সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদ হাসান এবং আইন বিষয়ক সম্পাদক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. রেদোয়ান।

এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিক খান, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক ঢাকা কলেজের মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফিয়া আলম এবং উপ-প্রচার সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মো. রনি চৌধুরী। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নুর হোসেন নয়ন।

সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেহরাব হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাফরুহা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার ও ঢাকা কলেজের মো. হাসিবুল হাসান হিমেল।

নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন, যা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশব্যাপী তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, সংগঠনের তরুণ কলাম লেখকরা জাতীয় পত্রিকায় নিয়মিত গঠনমূলক লেখালেখির মাধ্যমে সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ ও দুর্নীতি দূরীকরণে ভূমিকা রাখছেন এবং জাতীয়-আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। নতুন লেখক তৈরি, লেখার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাকে সংগঠনের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি সাবেক দায়িত্বশীল, বর্তমান সদস্য, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট ও সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করেন।

নবমনোনীত সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া বলেন, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের একটি সুসংগঠিত বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের মেধা ও চিন্তাশক্তিকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন তিনি। একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণদের চিন্তা, কলম ও মেধার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি জানান, এই বিশ্বাস ধারণ করেই ফোরাম একটি জ্ঞানসমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে যেতে চায়।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং দেশের নানা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে দেশের তরুণ লেখকদের এই সর্ববৃহৎ সংগঠনটি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...