চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ইফতারের আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হালিমা আক্তার (৩০)। তিনি স্বামী ও এক শিশুসন্তান নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা–কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হালিমা আক্তারের মৃত্যু হয়।
ঘটনার পর জহিরুল ইসলাম নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
