বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে প্রাইভেটকার ছেড়ে ২ দিন ঢাকার রাস্তায় ঘোরার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতা এবি জুবায়ের।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে এবি জুবায়ের লেখেন, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাহেবকে কেউ প্রাইভেটকার রেখে দুই দিন ঢাকার রাস্তায় ঘুরাঘুরি করতে বলেন। তারপর এসে বক্তব্য দিক অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য! বিরোধী দলে থেকে এমন জনবিচ্ছিন্ন বক্তব্য ওনারা কীভাবে দেন!
তিনি আরও লেখেন, সরকারের উচিত ঢাকার এসব অটোরিকশা চালক ও ফুটপাত দখল করে রাখা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প কর্মসংস্থানের চিন্তা করা। গ্রামের অনেক কৃষক নানা জটিলতার মুখোমুখি হয়ে এলাকার কৃষিকাজ বাদ দিয়ে ঢাকায় এসে এসব পেশায় সম্পৃক্ত হন। তারা যেন পুনরায় কৃষিকাজে ফিরতে পারেন, সেজন্য তাঁদের জটিলতাগুলো সমাধান করা দরকার।
ডাকসু নেতা জুবায়ের বলেন, সম্ভব হলে এই মানুষগুলোকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া দরকার। উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা দরকার। কুটিরশিল্পসহ গ্রামীণ শিল্পগুলো তাদের মাধ্যমে পুনর্জীবিত করার ব্যবস্থা করা দরকার।

বিএনপি’র দুই নেতার নির্দেশে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা উত্তোলনের ভিডিও ভাইরাল!