শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

Icon প্রথম সমাচার ডেস্ক

সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ নারায়ণ পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

এদিন তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার অভিযোগের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় পরবর্তী সময়ে তাদের আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাওসার আহমেদ আসামিদের জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রুকু ও মো. মশিউর রহমান জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ অক্টোবর দুই আসামিকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। তারও আগে ১১ অক্টোবর রাতে পল্লবী জোনাল টিমের সদস্যরা নিজ বাসা থেকে লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর বাসা থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ নারায়ণ পালকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করতেন। এ ছাড়া ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ‘আজকাল ডটকম’ নামে একটি পেজ এবং কাজী গুলশান আরার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে উসকানিমূলক কনটেন্ট প্রচার করা হতো।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে কাজী গুলশান আরা অবসরপ্রাপ্ত দেড় শতাধিক সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেন। পরে সহযোগীদের নিয়ে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন করেন। এই সংগঠনের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগও রয়েছে।

এজাহারে দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছিলেন। তাদের সঙ্গে দেশি-বিদেশি গুপ্তচরের যোগাযোগ থাকার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে পল্লবী থানার পুলিশ পরিদর্শক মো. আলী আকবার দণ্ডবিধির ১২৪ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশ্লিষ্ট বিধানে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আসামিদের দায় নির্ধারিত হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com