রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেওয়ার পরও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাশে না দাঁড়ানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, প্রবাসী ভাই-বোনদের পাশে দাঁড়াতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও লেখেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, রাষ্ট্র উপকৃত হয়, কিন্তু সেই প্রবাসীরাই বিদেশের মাটিতে নানা হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা ও অধিকারবঞ্চনার শিকার হলে রাষ্ট্রীয় সহায়তা পেতে হিমশিম খান। রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেবেন, অথচ রেমিট্যান্সযোদ্ধাদের সংকটে পাশে দাঁড়াবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এনসিপির এই নেতা লেখেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মেশিন নন; তারা বাংলাদেশের নাগরিক, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার এবং রাষ্ট্রের মর্যাদার প্রতিনিধিত্বকারী।
শেষে তিনি লেখেন, প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, অনুগ্রহ নয়।

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আওয়ামী লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত আব্দুল্লাহ
বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন: রাশেদ খান
ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে: নাহিদ