শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Logo
×

লংমার্চ সফলে যুব-ছাত্রসমাজের প্রতি লেবার পার্টির চেয়ারম্যানের আহ্বান

Icon প্রথম সমাচার ডেস্ক

১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়াগামী লংমার্চ সফল করতে যুব ও ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুবমিশন ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই। সরকারকে গণরায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, তেল, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধের পাশাপাশি দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের সম্পদ লুটপাট করে কোনো গোষ্ঠীকে ক্ষমতার ছত্রচ্ছায়ায় ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না।

লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত, শোষণ-বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শনিবারের (৩১ অক্টোবর) লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সাত দফা দাবির প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ যুবমিশনের আহ্বায়ক সালমান খান বাদশা, বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম সজিব, কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম সোহাগ, ঢাকা মহানগর ছাত্রমিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য সচিব মো. সিয়াম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, ছাত্রমিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, কেন্দ্রীয় সদস্য মো. আদেলুদ্দীন ও সাব্বির আহমেদ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com