শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Logo
×

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতির অংশ হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী রেজিস্ট্রেশন ফি প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

হীরকজয়ন্তী উদ্‌যাপনে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো ফি রাখা হয়নি।

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হলো।’

রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে উপাচার্য জানান, আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এ ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করতে হবে। হীরকজয়ন্তী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ টিম, পুলিশ ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী বলেন, ‘হীরকজয়ন্তী উপলক্ষে আমাদের জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে। এ জন্য প্রাক্তন শিক্ষার্থীদের এক হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর সবাইকে একসঙ্গে দেখতে চাই। যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। সম্ভব হলে ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করবেন।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com