শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে ‘সার্বভৌমত্ব র‍্যালিতে’ হাজারো নেতাকর্মীর ঢল

Icon প্রথম সমাচার ডেস্ক

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইনডোর মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী’র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালি শুরুর পূর্বে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দুপুর নাগাদ হাজার হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল কলেজ মাঠ থেকে প্রদক্ষিণ শুরু করে। র‍্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নেতাকর্মীরা নানা রঙের প্ল্যাকার্ড, ব্যানার এবং ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। এতে গ্রামীণ ঐতিহ্য ও উৎসবের আমেজ আনতে মিছিলে ঢাক-ঢোল এবং সুসজ্জিত ঘোড়া নিয়ে অংশ নেন অনেক নেতাকর্মী। র‍্যালিটি মির্জাপুরের থানা রোড, মসজিদ মার্কেট রোড, কাকলির মোড় ও বাইপাস চত্বর প্রদক্ষিণ করে। পরিশেষে শুভ হোটেলের সামনে গিয়ে র‍্যালিটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
এই কর্মসূচির মাধ্যমে মির্জাপুর উপজেলা ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক ঐক্য ও উদ্দীপনা আরও সুদৃঢ় হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com