বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন নেতৃত্বে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি (সভাপতি) ও রাইহান উদ্দিন (সাধারণ সম্পাদক)।
সভাপতি তানজিনা আক্তার চৈতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একই কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন।
সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এর পাশাপাশি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২৬-২৭ কার্যকালের জন্য তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিনকে মনোনীত করা হলো। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন এই নেতৃত্বের আগমনে সাধারণ শিক্ষার্থী ও তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন কমিটির হাত ধরে শিক্ষার্থীদের লেখালেখিতে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুপ্ত প্রতিভার সঠিক বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
এর পাশাপাশি নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা ও লেখালেখির প্রশিক্ষণ আয়োজন, মানসম্মত মতামত, কলাম, ফিচার এবং গল্প-কবিতা প্রকাশের মাধ্যমে সংগঠনটি তরুণদের মননে সৃজনশীলতার এক অনন্য জাগরণ সৃষ্টি করবে এমনটাই সকলের প্রত্যাশা।
নবনির্বাচিত সভাপতি তানজিনা আক্তার চৈতি অনুভূতি প্রকাশ করে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব অর্পণের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ এবং আনন্দিত। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তবে আনন্দের পাশাপাশি আমি কিছুটা চিন্তিতও বটে; বরাবরের মতো নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব কি না এবং এই পদের মর্যাদা রক্ষা করতে পারব কি না- তা নিয়ে সংশয় কাজ করছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আমার দায়িত্ব ও সম্মান অক্ষুণ্ণ রাখার তাওফিক দান করেন।”
সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করায় আমি কেন্দ্রীয় সংসদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রিয় এই সংগঠনটি তরুণ লেখকদের সুপ্ত প্রতিভার বিকাশ ও লেখালেখির পরিসর বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত সভাপতি তানজিনা আক্তার চৈতি আপুর নেতৃত্বে এবং শাখার সকল নিবেদিতপ্রাণ সদস্যের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে আরও বেগবান করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের মননে সাহিত্যপ্রেম ও লেখালেখির আলো ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকলের দোয়া ও ভালোবাসায় আমাদের এই যাত্রাকে সফল করতে আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
নেতৃবৃন্দের এমন দায়িত্বশীল ও বিনম্র ভাবনায় শাখার সদস্যরা তাদের বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বের বিষয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা সত্যিই এক ইতিবাচক অনুভূতির জন্ম দিয়েছে।
