মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

লেখক ফোরামের নতুন কমিটিতে সভাপতি শুভ-সম্পাদক রুশাইদ

প্রথম সমাচার ডেস্ক ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৬-২৭ কার্যকালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন শুভ কর্মকার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রুশাইদ আহমেদ। শুভ কর্মকার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এবং রুশাইদ আহমেদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে বেরোবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।

এই নেতৃত্ব পরিবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখকদের মাঝে সংগঠনের কার্যক্রম আরও গতি পাবে বলে আশা তৈরি হয়েছে। নতুন কমিটির অধীনে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহ প্রদান, তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ এবং সাহিত্যকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি শুভ কর্মকার বলেন, এই দায়িত্ব তার জন্য যেমন আনন্দের, তেমনি বড় একটি চ্যালেঞ্জও বটে। সবাইকে সঙ্গে নিয়ে ফোরামকে সক্রিয় ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি তরুণদের লেখনী ও সৃজনশীলতা বিকাশে সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ বলেন, তরুণ কলাম লেখক ফোরাম শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চার যে ধারা গড়ে তুলেছে, তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আরও বিস্তৃত করার লক্ষ্যে তারা কাজ করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...