বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞা দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উম্মে জোবাইদা।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রজ্ঞা দাস ও উম্মে জোবাইদাকে মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি প্রজ্ঞা দাস বলেন, “ফোরামের সঙ্গে আমার পথচলা শুধু একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয় নয়, এটি নিজের চিন্তা ও লেখনীকে নতুনভাবে আবিষ্কার করারও একটি যাত্রা। আজ যে দায়িত্ব পেয়েছি, সেটিকে আমি একটি বিশ্বাস হিসেবে দেখি। সবাইকে সঙ্গে নিয়ে ইডেন শাখাকে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে তরুণরা লিখবে, ভাববে, প্রশ্ন করবে এবং সমাজ ও মানুষের কথা সাহসের সঙ্গে তুলে ধরবে।”
সাধারণ সম্পাদক উম্মে জোবাইদা বলেন, “এই দায়িত্ব আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়েই একটি সংগঠন এগিয়ে যায়। লেখালেখির পাশাপাশি পাঠচর্চা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি এবং নতুন লেখকদের উৎসাহিত করতে আমরা কাজ করতে চাই। সভাপতি ও শাখার সকল সদস্যের সহযোগিতা নিয়ে ইডেন শাখাকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।”
নতুন নেতৃত্বের মাধ্যমে ইডেন মহিলা কলেজ শাখার লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও লেখনী বিকাশে শাখাটি আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
