শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মুন্সিগঞ্জে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশেই ককলেট বিস্ফোরণ!

Icon প্রথম সমাচার ডেস্ক

মুন্সিগঞ্জে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন রাসেল (৩২) নামের এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার পাশে গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে লৌহজংয়ের মেদিনী মণ্ডল ইউনিয়নের মাওয়া খাঁনবাড়ি এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।

এ সময় সমাবেশস্থলের বিপরীত পাশে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার দূরত্বে বিকট শব্দে একটি ককলেট বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানায়, ঘটনাস্থলে ককটেল নয়, ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com