সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন গোপালপুর গ্রামের ফাহিম (২২), রনি (৩৪), এম এ জিহাদ (১৯) ও ইসলাম (২২)। তাদের মধ্যে ফাহিম ও রনির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে এমদাদ হোসেন আখন্দ বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জামাল উদ্দিন প্রধান আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। তার ছোট ভাই সাইমুন ইসলাম আখন্দকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া পূর্বপরিকল্পিতভাবে তার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ করেন এমদাদ। অনুষ্ঠানে প্রবেশের সময় তাকে ও তার সমর্থকদের বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার কয়েকজন সমর্থক আহত হয়েছেন এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তবে এসব অভিযোগের বিষয়ে জামাল উদ্দিন প্রধানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার বক্তব্য জানার জন্য বৃহস্পতিবার রাতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সংঘর্ষের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রাতে এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত চিঠিতে তাকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
এদিকে তিতাস থানার ওসি মমিরুল হক জানিয়েছেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা
ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট
চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী