শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

‘আমি এখনো মনে করি অগ্নিকাণ্ডের ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’: নুসরাত তাবাসসুম

Icon প্রথম সমাচার ডেস্ক

দল। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে সরকারের সদিচ্ছা আছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলার পথ খুঁজছে, নাকি দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে এ নিয়ে তাঁদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার নিরাপত্তা চেয়ে তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন বুধবার দিবাগত রাতে তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আব্দুল্লাহ আল আমিন বলেন, বাড়িটিকে পরিত্যক্ত উল্লেখ করা এবং অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলার বিষয়টি তাঁরা উদ্বেগের সঙ্গে দেখছেন। তাঁর মতে, ঘটনার পেছনে নাশকতা রয়েছে কি না, বিশেষ করে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, পরিদর্শনে এসে তাঁরা বাড়িটিতে বসবাসের বিভিন্ন আলামত দেখেছেন। সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের চিহ্ন এবং শিশুদের পড়াশোনার বইপত্র রয়েছে। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন। অথচ বাড়িটিকে পরিত্যক্ত বলা হচ্ছে এবং সেখানে দুটি ছাগল থাকত বলে উল্লেখ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁরা প্রত্যাশিত সহমর্মিতা দেখতে পাননি। বরং ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া এবং ছাত্রলীগকে দায়মুক্ত করার চেষ্টা হচ্ছে বলে তাঁদের মনে হয়েছে।

মাহমুদা মিতুর দাবি, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য সামনে আসছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আবারও জানমালের নিরাপত্তাহীনতায় পড়বে, এমনটি তাঁরা ভাবেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় সরকারি দলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এসব ঘটনার পরও সরকার কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও আচরণ নিয়ে দেশবাসীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।

তিনি বলেন, থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তাঁর মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করলেও এখন পর্যন্ত তা দেখতে পাননি।

নুসরাত তাবাসসুম আরও বলেন,কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করাই হওয়া উচিত মূল লক্ষ্য। কিন্তু ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পরিবর্তে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে কারা বসবাস করতেন কিংবা গরু-ছাগল ছিল কি না এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার নিন্দা জানান তিনি।

তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে সিদ্ধান্তমূলক বক্তব্য দেওয়ার সমালোচনা করে নুসরাত তাবাসসুম বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই তদন্তের ফলাফল জানিয়ে দেওয়ার মতো আচরণ তিনি প্রত্যাখ্যান করেন। এ ধরনের বক্তব্যের তিনি বিরোধিতা করছেন বলেও জানান।

উল্লেখ্য,বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com