শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

হংকং থেকে মসলার আড়ালে সিসা আমদানি, গ্রেপ্তার ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

হংকং থেকে মসলার আড়ালে অবৈধভাবে আমদানি করা ৩০ কেজি সিসা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑসোলায়মান আহমেদ শুভ (৩১), শাকিল আহমেদ (৩২) ও মেহেদী হাসান (৪৬)। শুক্রবার ডিএনসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় দুই মাসের গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিসার অবৈধ আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পায় ডিএনসি। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গোয়েন্দা দলটি চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে গোয়েন্দারা ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। আমদানি থেকে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে অর্ডার করা পাঁচ কেজি সিসা সংগ্রহ করতে গিয়ে আমদানি করা আরো ২৫ কেজিসহ মোট ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, গত ১১ নভেম্বর রাতে উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত ‘আসসুন্নাহ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানে সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক শাকিল আহমেদের কাছ থেকে এসব সিসা সংগ্রহ করেছেন। এ তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহ-সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা ১১ নম্বর সেক্টরের ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসাগুলো বাংলাদেশে এনে শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। পরে শাকিলের মাধ্যমে সেগুলো সোলায়মানের কাছে পৌঁছাত।

ডিএনসি জানায়, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সালমান নিবিড় (২৬) নামে আরো একজনের সঙ্গে সিসা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সোলায়মান জিজ্ঞাসাবাদে জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে সিসার অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছে। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com