দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা।র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার বিভিন্ন মত ও রাজনৈতিক চর্চাকে গুরুত্ব দিয়ে সংসদে সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সরকারের কোনো ভুল থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচনে জনগণ তার জবাব দেবে। রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে হলে সহিংসতার পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, অপরাধে যে দলের ব্যক্তিরাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনতে হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ভিন্নমত ও ভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার যে প্রত্যাশা, তা বাস্তবায়নে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তবে নিজের মত প্রকাশ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে সব ধরনের সহিংসতা, অন্যায়, অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের নেতারা দেশ ছেড়ে গেলেও তাঁদের অনুসারীরা এখনো দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এতে মানুষের জীবনে অশান্তি তৈরি হচ্ছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বাধাগ্রস্ত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ তৎপর রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
রাবিতে ভর্তির আবেদন আজ শুরু
চবি শাখার প্রতিষ্ঠাকালীন ইতিহাস বিকৃতি, প্রতিবাদ লেখক ফোরামের