ইরানের পশ্চিমাঞ্চলে তেল ও গ্যাস প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ইরাক সীমান্তের কাছে ইলাম প্রদেশের আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে দেহলোরান এলাকার একটি প্রাকৃতিক গ্যাস তরলীকরণ (এনজিএল) প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, বাসটি উল্টে গেলে ১২ জন প্রাণ হারান এবং ১৬ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা তদন্তের পর জানা যাবে বলে আশা করা হচ্ছে।
ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সড়ক নিরাপত্তা, যানবাহনের অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের
পাঁচ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’, শুরু হচ্ছে ১১তম সিজনের অডিশন
বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনা প্রত্যাহার