সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

৩০ বছরেও মেলেনি বিদ্যালয়: শিক্ষা থেকে বঞ্চিত চর মাকসুমুলের শিশুরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মাঠে খেলাধুলা করছে কয়েকজন শিশু। কেউ ঘুরে বেড়াচ্ছে বাজারের আশপাশে, কেউবা সময় কাটাচ্ছে খোলা মাঠে। বয়স অনুযায়ী যাদের দিনের প্রথমভাগে থাকার কথা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে, তাদের অনেকেরই জীবন কাটছে এভাবে। কারণ তাদের গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শিক্ষার প্রাথমিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু।

বিশেষ করে মেয়েদের শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ আরও বেশি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের অসুবিধায় অনেকেরই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আবার কৃষি ও নদী নির্ভর জীবিকায় ঝরে পড়ছে অনেকে।

সরেজমিনে এ চিত্র নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মাকসুমুল গ্রামের। এখানে রয়েছে তিন বাজার, কামাল বাজার এগুলোর মধ্যে মোটামুটি বড়। প্রায় ৩০ বছর ধরে বসতি গড়ে উঠলেও নদীর কাছাকাছি বেঁড়ীর থেকে বিচ্ছিন্ন জনপদে এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার সুযোগ, যোগাযোগব্যবস্থা, স্যানিটেশন, ভূমির নিরাপত্তা ও নাগরিক সুবিধার অভাবে দীর্ঘদিন ধরে অবহেলা-বঞ্চনার মধ্যে দিন কাটছে এখানকার বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটিতে দু-একজন শিক্ষিত মানুষ থাকলেও তাদের শিক্ষাজীবন ছিল বেশ কষ্টের। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাশের আক্তার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কিংবা চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে তাদের।

স্থানীয় বাসিন্দা রাশেদুল হাসান বলেন, প্রায় ৩০ বছর আগে আমরা এখানে বসতি গড়ে তুলেছি। নিজেদের শ্রমে গাছপালা কেটে বসবাসের উপযোগী করেছি। কিন্তু এত বছরেও আমাদের এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সন্তানদের পড়াশোনার জন্য দূরে পাঠাতে হয়। আমরা চাই, আমাদের সন্তানরা নিজ গ্রামেই শিক্ষার সুযোগ পাক। দূরত্ব ও যোগাযোগব্যবস্থার কারণে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে এলাকার মেয়েরা। অনেক পরিবারের পক্ষে প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মেয়েকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নানাবাড়ি, দাদাবাড়ি কিংবা অন্য আত্মীয়স্বজনের বাড়িতে থাকতে হয়। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মেয়েদের স্বাভাবিক শিক্ষাজীবনও বাধাগ্রস্ত হচ্ছে।

চর মাকসুমুল গ্রামের ৬ নং ওয়ার্ডের কামাল বাজার এলাকার হোসনা বানু বলেন, ছেলেদের কোনোভাবে দূরের বিদ্যালয়ে পাঠানো গেলেও মেয়েদের নিয়ে বেশি দুশ্চিন্তা হয়। প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয় না। অনেক সময় আত্মীয়স্বজনের বাড়িতে রেখে পড়াশোনা করাতে হয়। গ্রামে একটি বিদ্যালয় থাকলে মেয়েদের লেখাপড়া নিয়ে এত চিন্তা করতে হতো না।

স্থানীয় যুবক আহসান উল্যাহ বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত শিক্ষা। কিন্তু আমাদের গ্রামে জন্ম নেওয়া শিশুরা শুরু থেকেই শিক্ষার সুযোগে পিছিয়ে পড়ছে। দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক পরিবার সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছে না। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মও শিক্ষায় পিছিয়ে থাকবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com