প্রথম সমাচার ডেস্ক:
ইসরায়েলি পাইলট রন আরাদের নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনে ইরানের দুই জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের একজনকে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় কৃষ্ণসাগরে। অন্যজনকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয়। তবে দুই জেনারেলের কেউই নিখোঁজ ইসরায়েলি পাইলট সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরায়েলি বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিস্ফোরিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হয়ে আসতে বাধ্য হন ২৮ বছর বয়সী পাইলট রন আরাদ। পরে তাকে লেবাননের শিয়া রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী আমাল আটক করে।
ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, আরাদকে একপর্যায়ে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধারণার ভিত্তিতে কয়েক দশক ধরে ইরানের সংশ্লিষ্টতা খুঁজতে অভিযান চালায় ইসরায়েল। তবে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একাধিক মূল্যায়নেই আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জেনারেল আলিরেজা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান। তিনি দেশটির সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। সেখানে সিলান হোটেলে ওঠার পর নিখোঁজ হন তিনি।
নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সাবেক তিন কর্মকর্তা জানিয়েছেন, মোসাদের সদস্যরা আসগারিকে অপহরণ করে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মূল লক্ষ্য ছিল নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদ সম্পর্কে তথ্য পাওয়া।
কিন্তু আসগারির কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও তাকে হত্যা করা হয়। সাবেক এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কৃষ্ণসাগরে নিয়ে একটি নৌযানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরে কৃষ্ণসাগরে তার মরদেহ ফেলে দেওয়া হয়।
আসগারির স্ত্রী জিবা আহমাদি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের তদন্তকারীরা তাকে বলেছিলেন, ইসরায়েলি এজেন্টরা হোটেলকক্ষে ঢুকে তার স্বামীকে মাদক প্রয়োগ করে অপহরণ করেছিল। পরে অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ইউটিউব দেখে পেঁপে চাষ, মাসে এখন লাখ টাকা আয়
ফেনীর পরশুরামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে বড় নিয়োগ, আবেদনের সময় বাড়ল