প্রথম সমাচার ডেস্ক:
ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন বাগেরহাটের মো. ওমর ফারুক (৪৫)। প্রথম দিকে হাইব্রিড জাত চাষ করে লোকসানের মুখে পড়লেও হাল ছাড়েননি। সঠিক জাত নির্বাচন ও নিবিড় পরিচর্যায় সেই ছোট্ট উদ্যোগই আজ পরিণত হয়েছে সফল কৃষি খামারে।
বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর ইউনিয়নের এই উদ্যোক্তা এখন আট বিঘা মাছের ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ থেকে প্রতি মাসে গড়ে এক লাখ টাকার পেঁপে বিক্রি করছেন। চলতি মৌসুমে এরইমধ্যে চার লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন তিনি, আর পুরো মৌসুমে আরও ২০ থেকে ২৫ লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন।
ওমর ফারুকের খামারের নাম ‘বিসমিল্লাহ এগ্রো ফার্ম’। ফার্মের পাড়জুড়ে তিনি বিভিন্ন জাতের পেঁপ গাছ লাগিয়েছেন। সেখানে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা ‘রাজশাহী’ ও ‘গ্রিন শাহী’ জাতের পেঁপেগাছ রয়েছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আট কেজি ওজনের পেঁপে ধরেছে। কোনো কোনো পেঁপের ওজন ১০ কেজি পর্যন্ত। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করেছেন তিনি। এর মধ্যে ২০০ মণ কাঁচা ও ১৮০ মণ পাকা পেঁপে। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি কেজি ১৫ টাকা এবং পাকা পেঁপে ৪০ টাকা দরে বিক্রি করছেন।
সরেজমিনে খামারে গিয়ে দেখা যায়, মাছের ঘেরের চারপাশের পাড়জুড়ে সারি সারি পেঁপেগাছ। প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে পেঁপে। গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত ফল ধরেছে। শুধু পেঁপে উৎপাদন নয়, চারা তৈরির জন্য খামারে গড়ে তুলেছেন নার্সারিও। সেখানে প্রায় ৫০ হাজার চারা উৎপাদন করেছেন। এরই মধ্যে ২০ হাজার চারা বিক্রি হয়েছে। প্রতিটি চারা বিক্রি করছেন ২৫ টাকা দরে। তার খামার দেখতে এবং চারা সংগ্রহ করতে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকেরা আসছেন।
ওমর ফারুক বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রথমে মাছের ঘেরের পাশাপাশি পাড়ে কলা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম। একপর্যায়ে ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়। প্রথমে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লোকসানের মুখে পড়ি। তবে হাল ছাড়িনি। পরে ইউটিউবের বিভিন্ন কৃষিবিষয়ক চ্যানেল দেখে মানিকগঞ্জ থেকে রাজশাহী ও গ্রিন শাহী জাতের বীজ সংগ্রহ করি। এরপর আট বিঘার ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ রোপণ করি। এখন ভালো ফলন পাচ্ছি।
তিনি বলেন, তিন মাস ধরে পেঁপে বিক্রি করছি। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করে চার লাখ টাকার মতো পেয়েছি। গাছগুলো থেকে আরও দীর্ঘ সময় ফল পাওয়া যাবে। সব মিলিয়ে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছি। আমার হিসাব অনুযায়ী, প্রতিটি গাছ থেকে অন্তত এক হাজার টাকা আয় হলেও ভালো অঙ্কের টাকা পাওয়া সম্ভব। আমি চাই, বাগেরহাটসহ দেশের বেকার যুবকেরা অল্প জমি কিংবা জমি ইজারা নিয়ে পেঁপে চাষ শুরু করুন। সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করতে পারলে তারাও স্বাবলম্বী হতে পারবেন। এ কাজে প্রয়োজনীয় পরামর্শ দিতেও আমি প্রস্তুত।
ওমর ফারুকের ছেলে শেখ নিশাদ হোসেন বলেন, এ পর্যন্ত তারা ১০ থেকে ১২ বার পেঁপে সংগ্রহ করেছেন। প্রথম দিকে পাইকারদের ফোন করে আনতে হতো। এখন পাইকারেরা নিজেরাই খামারে আসেন এবং পেঁপে কিনে নিয়ে যান। ফলে তাদের আর বাজারে পেঁপে নিয়ে যেতে হয় না।
বাগানের পরিচর্যাকারী মো. আশরাফ বলেন, তিনি এই বাগানেই থাকেন এবং পেঁপেগাছের দেখাশোনা করেন। আগাছা পরিষ্কার করা, গাছে কীটনাশক প্রয়োগসহ সব ধরনের পরিচর্যার কাজ করেন। এখানে একেকটি পেঁপের ওজন প্রায় আট কেজি। বাগেরহাট জেলায় এত বড় পেঁপে তিনি আর কোথাও দেখেননি।

৩০ বছরেও মেলেনি বিদ্যালয়: শিক্ষা থেকে বঞ্চিত চর মাকসুমুলের শিশুরা
ফেনীর পরশুরামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ
ইরানি জেনারেলকে অপহরণের পর হত্যা করে মোসাদ